নরসিংদীতে একই মহল্লার দুই বাড়ি থেকে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নরসিংদীতে একই মহল্লার দুই বাড়ি থেকে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী: নরসিংদীর পলাশে একই মহল্লার পৃথক দুটি বাড়ি থেকে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার মধ্য বাগপাড়া মহল্লা থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন—মধ্য বাগপাড়া মহল্লার আমিরুল ইসলামের ছেলে মুসান্না গালিব মিম (২৮) এবং একই এলাকার বাশির উদ্দিনের ছেলে শেখ শরিফ (২৭)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুই যুবকই পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, নিহত মিমের মা-বাবা বাড়িতে ছিলেন না, তিনি একাই ওই বাড়িতে থাকতেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মিমের ঘর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা সন্দেহবশত পুলিশে খবর দেন। খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরের আড়ার সঙ্গে মিমের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। লাশে পচন ধরে যাওয়ায় পুলিশের প্রাথমিক ধারণা, বেশ কয়েকদিন আগেই মিম আত্মহত্যা করেছেন। মিমের মরদেহ উদ্ধারের রেশ কাটতে না কাটতেই একই মহল্লার বাশির উদ্দিনের ছেলে শরিফের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেখানেও ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় শরিফের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। শরিফের বাড়িতে তার অসুস্থ মা থাকলেও তিনি বিষয়টি টের পাননি বলে পুলিশকে জানিয়েছেন। পুলিশের ধারণা, গত ২৪ ঘণ্টার মধ্যেই শরিফের মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা দুজনই আত্মহত্যা করেছেন। নিহতরা মাদকাসক্ত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে, তবে ঠিক কী কারণে তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন