গোপালগঞ্জে সেবা গ্রীন লাইনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ২৫
পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী একটি দূরপাল্লার বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে গেছে। এই ভয়াবহ দুর্ঘটনায় নারী ও শিশুসহ বাসের অন্তত ২৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নৃপেন চন্দ্র দাস একটি গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সেবা গ্রীন লাইন’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সোনাসুর বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই বাসটি মহাসড়কের পাশে গভীর খাদে ছিটকে পড়ে। এতে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চিৎকার-চেঁচামেচি শুরু হয় এবং অন্তত ২৫ জন যাত্রী কমবেশি আহত হন।
দুর্ঘটনার পর পরই স্থানীয় আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরবর্তীতে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সাথে উদ্ধারকাজে যোগ দেয়। আহতদের দ্রুত উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাইওয়ে পুলিশ একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আরও জানায়, আহতদের মধ্যে ২০ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৫ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হলেও চিকিৎসকরা তাঁদের সর্বোচ্চ সেবা দিচ্ছেন। দুর্ঘটনা কবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
|