মাদারীপুরে ইমনের বাড়ির সামনে বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত

প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ণ
মাদারীপুরে ইমনের বাড়ির সামনে বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত

নাহিদ জামান, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুরে ‘দারুসসুন্নাহ’ নামের একটি মহিলা মাদ্রাসার পাশে রহস্যজনক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মাদ্রাসার অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার গোপালপুর এলাকায় মাদ্রাসা সংলগ্ন ইমন সরদার নামের এক ব্যক্তির বসতঘরের সামনে এ বিস্ফোরণ ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হলে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মাদ্রাসায় থাকা শিক্ষার্থী আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনাসহ (৯) পাঁচজন আহত হয়।

ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে কালকিনি থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বসতঘরের মালিক ইমন সরদার জানান, তাঁর ঘরের সামনে কীভাবে বা কারা বোমা রেখেছিল সে সম্পর্কে তিনি কিছু জানেন না।

কালকিনি থানা-পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের কারণ ও জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। এলাকাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন