বগুড়ায় জিয়া বাড়িতে ছাত্রদলের নানা আয়োজন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে বগুড়ায় আলোচনা সভা, দোয়া মাহফিল, কোরআন খতম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ার বাগবাড়ি এলাকায় বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রেজাউল করিম বাদশা বলেন, “জিয়াউর রহমান শুধু একটি নাম নয়, তিনি লাখো বাঙালির হৃদয়ের স্পন্দন। এ দেশের মাটি ও মানুষের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। বাংলাদেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।” তাঁর আদর্শকে ধারণ করে আগামী দিনে সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোর্শেদ মিলটন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আবু হাসান। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসা প্রাঙ্গণে কোরআন খতম এবং বৃক্ষরোপণ কার্যক্রমও পালন করা হয়।