পাঁচবিবি সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে বিজিবির বাধা
মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিএসএফের সেই কাজ বন্ধ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া বিওপির (Border Outpost) আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তের ২৮১ নম্বর পিলারের ৪৭ ও ৪৮ নম্বর সাব পিলারের কাছে ‘জিরো লাইন’ বা শূন্য রেখায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ。 স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে দ্রুত বিজিবিকে অবহিত করেন।
খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজটিতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কিছুটা উত্তেজনা বৃদ্ধি পায়। এই উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি তাৎক্ষণিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং বৈঠকে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
পতাকা বৈঠকের সিদ্ধান্ত সত্ত্বেও বিএসএফ সদস্যরা এর মাঝেই বেশ কিছু এলাকা জুড়ে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করে ফেলে। এরপর থেকে সীমান্তে বিজিবি তাদের টহল জোরদারসহ কঠোর অবস্থান গ্রহণ করেছে। আকস্মিক এই ঘটনায় সীমান্তবর্তী সাধারণ মানুষের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। এই বিষয়ে বিজিবি ও বিএসএফের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলেও তাঁরা সংবাদমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে অপারগতা জানান।
তবে ওই সীমান্তবর্তী এলাকার বাসিন্দা পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়ন পরিষদের সদস্য লাইজুর রহমান জানান, বিএসএফ সাধারণত মাঝে মাঝে তাদের পুরাতন কাঁটাতারের বেড়া মেরামত করে থাকে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে তারা কাঁটাতারের বেড়া মেরামত করতে বা নতুন করে বেড়া দিতে আসলে বিজিবি বাধা প্রদান করে। বেড়া দেওয়ার চেষ্টা ও বিজিবির বাধা ছাড়া সীমান্তে অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে তিনি উল্লেখ করেন।
এআইএল/সকালবেলা