কুষ্টিয়ায় পৌনে ৬ কোটি টাকার জাল-গাঁজা জব্দ
কাঞ্চন কুমার, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল, চায়না দুয়ারী জাল ও ভারতীয় গাঁজা জব্দ করেছে। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৫ কোটি ৭৪ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেন ৪৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ কামাল রনি।
বিজিবি সূত্রের তথ্য মতে, সোমবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে চরচিলমারী বিওপির একটি টহল দল পদ্মা নদীতে স্পিডবোট ও দেশীয় নৌকা নিয়ে অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত ৫,০৫০ কেজি ভারতীয় কারেন্ট জাল এবং ৪,৮৪৫ কেজি চায়না জালের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা। পরবর্তীতে স্থানীয় মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অন্যদিকে, গভীর রাতে রংমহল বিওপির টহল দল সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে, যার মূল্য প্রায় ৫২ হাজার ৫০০ টাকা।
৪৭ বিজিবির অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ বন্ধের পাশাপাশি দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা