সীমান্তে ৬ লাখ ইয়াবা ও বিদেশি পিস্তলসহ আটক ২

প্রকাশ: সোমবার, ১০ আগস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ণ
সীমান্তে ৬ লাখ ইয়াবা ও বিদেশি পিস্তলসহ আটক ২

সকালবেলা অনলাইন: মিয়ানমার সীমান্তসংলগ্ন টেকনাফ ও নাইক্ষ্যংছড়িতে পৃথক দুটি অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ ৯৬ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুজনকে আটক করেছে বিজিবি।

সোমবার (১০ আগস্ট) ভোরে কক্সবাজারের টেকনাফ সীমান্তের উলুবনিয়া ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—টেকনাফের কাটাখালী হাতিমারা গ্রামের মৃত সৈয়দ আলমের ছেলে নুর বশর (২২) এবং উলুবনিয়া গ্রামের মৃত আলী আকবরের ছেলে আবুল ফয়েজ (২৫)। নাফ নদীপথে ইয়াবা পাচারকালে সাড়ে ৩ লাখ পিস ইয়াবাসহ তাঁদের দুজনকে হাতেনাতে আটক করে বিজিবি।

উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে বিজিবি জোয়ানরা হোয়াইক্যংয়ের উলুবনিয়াস্থ নাফ নদীর তীরে ওত পেতে থাকেন। ভোরে মিয়ানমার সীমান্ত থেকে ব্যাগ হাতে দুই যুবককে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি চ্যালেঞ্জ করে। তাঁরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে তাঁদের ব্যাগ তল্লাশি করে সাড়ে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকা থেকে বিদেশি পিস্তল, গুলি ও ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার করা হলেও চোরাকারবারিরা পালিয়ে যায় বলে জানান কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

তিনি জানান, সোমবার ভোরে নয়াপাড়া সীমান্তে পরিচালিত বিশেষ অভিযানে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার করা সম্ভব হয়। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন