সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ণ
সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

কাঞ্চন কুমার, কুষ্টিয়া: কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৮ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, আজ শুক্রবার (২৪ জুলাই ২০২৬) ভোর ৫টা ১০ মিনিটের দিকে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকা দিয়ে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষ ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা ৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে (২ জন পুরুষ, ৪ জন নারী ও ২ জন ট্রান্সজেন্ডার) নদীপথে সাঁতার কেটে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়।

এ সময় বিজিবির টহলদল বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে প্রবল বাধা প্রদান করে। পরবর্তীতে বিজিবি ও স্থানীয় অধিবাসীদের দৃঢ় অবস্থানের মুখে অনুপ্রবেশকারীরা বাধ্য হয়ে নদীপথেই পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যায়।

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (কমান্ডিং অফিসার) লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের অপচেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা প্রস্তুত ও সতর্ক রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

এআইএল/সকালবেলা