বরিশাল সিটি কর্পোরেশনের ৬৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা
সাঈদ পান্থ, বরিশাল: বরিশাল সিটি কর্পোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের জন্য সর্বমোট ৬৪৭ কোটি ৫৩ লাখ ৮৫ হাজার ৩০৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বিকেল ৪টায় সিটি কর্পোরেশনের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বাজেট আনুষ্ঠানিকভাবে পেশ করেন কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। এটি বরিশাল সিটি কর্পোরেশনের ২৪তম বাজেট।
ঘোষিত বাজেটে নগরবাসীর ওপর নতুন করে কোনো করের বোঝা চাপানো হয়নি। বাজেট বক্তৃতায় প্রশাসক বলেন, "বরিশালকে একটি আধুনিক ও মডেল নগরীতে পরিণত করাই আমাদের মূল লক্ষ্য।"
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নারীবান্ধব নানা উদ্যোগকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নারীদের জন্য আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ এবং ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য একটি সুনির্দিষ্ট পৃথক মার্কেট তৈরি। এছাড়া সার্বিক নগর উন্নয়নের অংশ হিসেবে পানির এটিএম বুথ স্থাপন এবং পরিবেশবান্ধব ইকো-পার্ক নির্মাণের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিকল্পিত, সবুজ, পরিচ্ছন্ন, নারী ও শিশুবান্ধব স্মার্ট বাসযোগ্য নগরী গড়ে তুলতে নগরীর সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন প্রশাসক।
বাজেট ঘোষণার সময় বরিশাল নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা
|