কক্সবাজারে নিষিদ্ধ কেক-পাউরুটির রমরমা বাণিজ্য

প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ণ
কক্সবাজারে নিষিদ্ধ কেক-পাউরুটির রমরমা বাণিজ্য

ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার: মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এবং মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ (সংরক্ষণকারী রাসায়নিক) ব্যবহারের দায়ে তিনটি প্রতিষ্ঠানের কাস্টার্ড কেক ও স্লাইস ব্রেড (পাউরুটি) বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। বিজ্ঞপ্তির মাধ্যমে এসব পণ্যের সব ধরনের উৎপাদন, বিপণন ও খুচরা বিক্রি সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেওয়ার পাশাপাশি ভোক্তাদের তা ক্রয় না করার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে এই কড়া নির্দেশনার এক সপ্তাহ পার হয়ে গেলেও কক্সবাজারের বাজারে দেদারসে বিক্রি হচ্ছে ক্ষতিকারক এসব খাদ্যপণ্য। জেলার শহরের বাজারঘাটা, এবিসি সড়ক, সুগন্ধা ও কলাতলী সৈকত এলাকা, চন্দ্রিমা, আলির জহাল, এন্ডারসন রোড, বাহারছড়া, নূনিয়ারছড়াসহ অধিকাংশ মুদির দোকান, টং দোকান ও কুলিং কর্নারে থরে থরে সাজানো রয়েছে নিষিদ্ধ এসব কেক ও পাউরুটি।

বাহারছড়া এলাকার এক দোকানদার জানান, ডিলারের প্রতিনিধিরা প্রতিনিয়ত এসব পণ্য দোকানে দিয়ে যায়। শিশুসহ সব বয়সী মানুষের কাছে এগুলো বেশ জনপ্রিয়। বিশেষ করে স্কুলে যাওয়ার সময় শিশুরা নিয়মিত স্লাইস ব্রেড কেনে। নিষিদ্ধ হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "সবাই তো বিক্রি করছে, আমাদের তো কেউ বিক্রি করতে নিষেধ করেনি।"

সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের কয়েকজ ব্যবসায়ী জানান, পর্যটন ও বিচ এলাকায় প্রতিদিন এক একটি দোকানে ৫০ থেকে ৬০ প্যাকেট পর্যন্ত এসব পণ্য বিক্রি হয়। এবিসি সড়কের পাইকারি বিক্রেতারাও বলছেন, ডিলারদের কাছ থেকে আগে কেনা স্টক শেষ করার জন্যই তারা বিক্রি চালু রেখেছেন, নতুবা বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়তে হবে।

ভোক্তারা জানান, মুখরোচক জেলি ও ক্রিম থাকায় শিশুরা এসব কেক ও পাউরুটি বেশি পছন্দ করে। ১০ নম্বর ওয়ার্ড দক্ষিণ বাহারছড়ার বাসিন্দা হোসনে আরা এবং পাহাড়তলীর বাসিন্দা খালেদা খানম জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদপত্রে ক্ষতিকারক প্রিজারভেটিভের খবর দেখার পর তাঁরা সন্তানদের এসব খাবার দেওয়া বন্ধ করেছেন এবং প্রতিবেশীদের সতর্ক করছেন।

স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে এসব বিষাক্ত খাদ্যপণ্য বাজারে মিলছে? দ্রুত এসব অবৈধ পণ্য জব্দ করে অসাধু চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

উল্লেখ্য, গত ১৬ জুলাই ২০২৬ তারিখে বিএফএসএ ল্যাব পরীক্ষার ওপর ভিত্তি করে তিনটি প্রতিষ্ঠানের নির্দিষ্ট খাদ্যপণ্য বাজার থেকে তোলার নির্দেশ দেয়। নিষিদ্ধ পণ্যগুলো হলো—ইস্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ‘ইস্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’, ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘ইস্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ এবং আরবোটিং ফুড কোম্পানির ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’।

এ বিষয়ে কক্সবাজার জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য জানান, তিনি সম্প্রতি যোগদান করেছেন। নিষিদ্ধ পণ্যের বিষয়ে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো মাঠে কাজ করছে উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, নির্দেশ অমান্য করে কেউ এসব ক্ষতিকর পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এআইএল/সকালবেলা