ভালুকায় চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই

প্রকাশ: শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ণ
ভালুকায় চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই

মো জাকির হোসাইন রাজু, ময়মনসিংহ (ভালুকা) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় গভীর রাতে এক তরুণ চালককে কুপিয়ে ও গলায় ছুরি ঠেকিয়ে অটোরিকশা ছিনতাইয়ের মর্মান্তিক ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ৫ নম্বর বিরুনিয়া ইউনিয়নের ৪ নম্বর চান্দরাটি পালপাড়া শ্মশানঘাট এলাকায় সশস্ত্র হামলার শিকার হন ১৯ বছর বয়সী চালক রিফাত মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে রিফাত অটোরিকশা নিয়ে পালপাড়া শ্মশানঘাট সংলগ্ন সড়ক অতিক্রম করার সময় ওত পেতে থাকা কয়েকজন ছিনতাইকারী তাঁর গতিপথ রোধ করে। অস্ত্র উঁচিয়ে ভয়ভীতি দেখানোর পর একপর্যায়ে গলায় ধারালো ছুরি ঠেকায় তারা। রিফাত বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাঁর গলা ও কোমরের নিচের অংশে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় অটোরিকশাটি নিয়ে সটকে পড়ে।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। তবে রক্তক্ষরণ না থামায় এবং শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত রিফাতের বাবা শাহীন মিয়া ভালুকা বাসস্ট্যান্ডে চায়ের দোকান চালিয়ে সংসার পরিচালনা করেন।

স্থানীয়দের ধারণা, স্থানীয় কিছু বখাটে যুবক সংঘবদ্ধ হয়ে এই ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি তদন্ত শুরু করেছে।

তদন্তকারী পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং ছিনতাইকারীদের ধরনে একাধিক দল কাজ করছে। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

এআইএল/সকালবেলা