নওগাঁয় বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত
আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী নওসাদ (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার যাত্রী আরও দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকার তুলশীগঙ্গা ব্রিজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত নওসাদ নওগাঁ সদর উপজেলার দোগাছী সিংড়াপাড়া গ্রামের মৃত জাফির আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ‘শাহ সুলতান’ নামের একটি এসি বাস ঢাকার উদ্দেশে রওনা দেয়। বাসস্ট্যান্ড থেকে কিছু দূরে তুলশীগঙ্গা ব্রিজ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে অটোরিকশার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী নওসাদ মারা যান। অটোরিকশায় থাকা অপর দুই শিশুযাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর পরই ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এর ফলে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল ব্যাহত হয় এবং সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চরম জনদুর্ভোগ দেখা দেয়। খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় দুই ঘণ্টা পর মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা মিলিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এআইএল/সকালবেলা