নাসিরনগরে শান্তিপূর্ণভাবে আশুরার তাজিয়া মিছিল সম্পন্ন

প্রকাশ: শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ণ
নাসিরনগরে শান্তিপূর্ণভাবে আশুরার তাজিয়া মিছিল সম্পন্ন

মোঃ শরীফ উদ্দিন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার খান্দুরা গ্রামে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত দিনব্যাপী তাজিয়া মিছিল, জারি গান ও শোকানুষ্ঠান কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা এবং স্থানীয় জনগণের সহযোগিতায় এলাকা জুড়ে উৎসব ও শোকের এক সম্প্রীতিময় পরিবেশ বজায় ছিল।

এর আগে গত ১০ মহররম সকাল থেকেই খান্দুরা গ্রামের বিভিন্ন পয়েন্টে শোকপালনকারী ও সাধারণ মানুষের ঢল নামে। কারবালার ঐতিহাসিক ও হৃদয়বিদারক ঘটনাকে স্মরণ করে বিভিন্ন স্থানে জারি ও শোকগাথা পরিবেশন করা হয়।

উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, অনুষ্ঠান শেষ হওয়া এবং দর্শনার্থীরা ঘরে ফেরা পর্যন্ত পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছিল। বিশেষ করে চাপরতলাসহ সংলগ্ন সংবেদনশীল পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

নাসিরনগর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ এবং যুব সমাজের সার্বিক সহযোগিতার কারণে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। অনুষ্ঠান শেষে প্রতিটি এলাকা থেকে শান্তিপূর্ণভাবেই মিছিল ও দর্শনার্থীরা নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন।

এলাকাবাসী ও স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসনের এই কঠোর ও সতর্ক নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেছেন। তারা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে নাসিরনগরের ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে পেরে সবাই সন্তুষ্ট।

মন্তব্য করুন