শিবচরে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে নিহত ১

প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:০৪ অপরাহ্ণ
শিবচরে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে নিহত ১

নাহিদ জামান, মাদারীপুর জেলা প্রতিনিধি: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কের মাদারীপুরের শিবচরে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিয়াম হাওলাদার (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। 

সোমবার (১৮ মে) সন্ধ্যা ৬টার দিকে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকার খালেক ফকির বাজার সংলগ্ন সংযোগ লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম হাওলাদার শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকার হারুন হাওলাদারের ছেলে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় সিয়াম তাঁর মোটরসাইকেল নিয়ে কুতুবপুর এলাকার খালেক ফকির বাজার সংলগ্ন এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে উঠছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ব্যাটারিচালিত ভ্যানের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি তীব্র সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক সিয়াম ছিটকে পিচঢালা রাস্তায় পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর পর-ই আশপাশের লোকজন ও পথচারীরা রক্তাক্ত অবস্থায় সিয়ামকে উদ্ধার করে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতাবস্থায় একজনকে উদ্ধার করে স্থানীয়রা শিবচর হাসপাতালে পাঠিয়েছিল। পরে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পাই সেখানে তাঁর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ.আই.এল/সকালবেলা