ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
খন্দকার শহীদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জ শহরের ব্যস্ততম লঞ্চঘাট সংলগ্ন পূর্ব ইব্রাহীমপুর খেয়াঘাটে যাত্রী সাধারণের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন ও আধুনিক যাত্রী ছাউনি ‘মেঘবাড়ী’। বুধবার (১৮ মার্চ) সকালে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই ছাউনিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
প্রতিদিন এই খেয়াঘাট দিয়ে শত শত শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, নারী ও শিশু নদী পারাপার হন। এতদিন কোনো ছাউনি না থাকায় রোদ-বৃষ্টিতে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করতে হতো যাত্রীদের। জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে নির্মিত এই ‘মেঘবাড়ী’ উদ্বোধনের পর স্থানীয়দের মাঝে ব্যাপক আনন্দ ও স্বস্তি বিরাজ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “লঞ্চঘাট এলাকায় অবৈধ দখলদারিত্বের কারণে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি হচ্ছিল। আমি কথা দিয়েছিলাম অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এখানে একটি আধুনিক যাত্রী ছাউনি নির্মাণ করব। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরে আমি আনন্দিত। এই ‘মেঘবাড়ী’ পূর্ব ইব্রাহীমপুরবাসীর জন্য আমাদের পক্ষ থেকে ঈদের উপহার।”
তিনি আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “এটি জনগণের সম্পদ। কেউ যদি এখানে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা দখলের চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক আকরাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক অসীম চন্দ্র বনিক, অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান এবং সহকারী প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম কয়েস।
উদ্বোধন শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। স্থানীয় এক শিক্ষার্থী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আগে বৃষ্টি হলে বই-খাতা নিয়ে ভিজে যেতাম। এখন ‘মেঘবাড়ী’ আমাদের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে।” আধুনিক এই স্থাপনাটি রক্ষণাবেক্ষণে স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
খ.শ.ই/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ