শ্রীপুরে পুকুরে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ণ
শ্রীপুরে পুকুরে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে জিহাদ (৬) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত জিহাদ ওই গ্রামের জাকির হোসেনের ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, দুপুরে নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি পুকুরের পাশে খেলা করছিল জিহাদ। একপর্যায়ে সে সবার অজান্তে পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে এখন শোকের ছায়া বিরাজ করছে।

এ.আই.এল/সকালবেলা