মহম্মদপুরে জুয়া খেলার সময় ইউপি চেয়ারম্যানসহ ৫ জন আটক

মহম্মদপুরে জুয়া খেলার সময় ইউপি চেয়ারম্যানসহ ৫ জন আটক

এম এ রইচ, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরে জুয়া খেলার সময় রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাকিরুল ইসলাম শাকিলসহ পাঁচজনকে হাতেনাতে আটক করেছে যৌথ বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার রাজাপুর ইউনিয়নের বড় কলমধরী বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—বড় কলমধরী গ্রামের মৃত লিয়াকত আলী খানের ছেলে ও রাজাপুর ইউপি চেয়ারম্যান মো. শাকিরুল ইসলাম শাকিল (৪৩), একই গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে উজ্জ্বল হাসান (২৩), হারুন অর রশিদ বিশ্বাসের ছেলে আকিদুল ইসলাম (৪৭), মৌলি গ্রামের ইশারত মোল্যার ছেলে শাহিদুল ইসলাম (৩৫) এবং চর বনগ্রাম গ্রামের জহুরুল মোল্যার ছেলে কামরুল হাসান (৩৬)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কলমধরী বাজার এলাকার একটি নির্জন স্থানে তাস দিয়ে জুয়া খেলা চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়। অভিযানে চেয়ারম্যানসহ পাঁচজনকে জুয়া খেলার সরঞ্জামসহ হাতেনাতে আটক করা হয়। পরে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা. শাহানুর জামান ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. শাহানুর জামান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, অপরাধ দমনে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের থানা পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন