ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে চলন্ত অবস্থায় মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিনের চাকার স্প্রিং খুলে বিকল হয়ে যাওয়ার আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বেলা পৌনে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর ও ইজ্জতপুর স্টেশনের মধ্যবর্তী বিন্দুবাড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ একটি চাকার স্প্রিং ভেঙে যায়। এতে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
স্প্রিং খুলে যাওয়ার বিষয়টি টের পেয়ে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় একটি বাড়ি থেকে জিআই তার সংগ্রহ করে বিকল অংশটি অস্থায়ীভাবে বেঁধে মেরামত করা হয়। প্রায় সোয়া এক ঘণ্টা ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকার পর ট্রেনটি টেনে শ্রীপুর স্টেশনে নিয়ে আসা হয়।
এ ঘটনার কারণে মহুয়া এক্সপ্রেস ছাড়াও ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেসসহ অন্তত তিনটি ট্রেনের সময়সূচি বিপর্যয় ঘটে, যার ফলে তীব্র শীতের মধ্যে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। তবে বড় কোনো দুর্ঘটনা না ঘটায় স্বস্তি প্রকাশ করেছেন আতঙ্কিত যাত্রীরা।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার শামীম রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চাকার স্প্রিং খুলে যাওয়ায় তিনটি ট্রেনের যাতায়াত ব্যাহত হয়েছিল। বর্তমানে মহুয়া এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর স্টেশনে অবস্থান করছে। রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলীরা এটি পুরোপুরি মেরামতের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে বর্তমানে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ