নওগাঁয় শিক্ষার্থীদের নিয়ে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন

প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ণ
নওগাঁয় শিক্ষার্থীদের নিয়ে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি: বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে নওগাঁয় স্কুল শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার (১৪ জুন) নওগাঁ শহরের চকএনায়েত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নওগাঁ ব্লাড সার্কেল’-এর উদ্যোগে দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজনে কারিগরি ও সার্বিক সহযোগিতা করেছে গবেষণা প্রতিষ্ঠান বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশন (বিআরএফ)।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, তরুণ স্বেচ্ছাসেবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চকএনায়েত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, শিক্ষক শহিদুল ইসলাম, আব্দুস সোবহান, নওগাঁ ব্লাড সার্কেলের সভাপতি শাহনেওয়াজ রক্সি এবং সাধারণ সম্পাদক মো. রিজভী আহম্মেদ রিজোয়ানসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম বলেন, “রক্ত এমন একটি উপাদান, যা কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব নয়। একজন স্বেচ্ছায় রক্তদাতার দান করা রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সুস্থ ও সক্ষম ব্যক্তিদের নিয়মিত রক্তদানে এগিয়ে আসা উচিত।”

নওগাঁ ব্লাড সার্কেলের সভাপতি শাহনেওয়াজ রক্সি তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, “সমাজে নিরাপদ রক্তের চাহিদা পূরণে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে। স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদানের সংস্কৃতি গড়ে তুলতে সামাজিক সংগঠনের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”

সংগঠনের সাধারণ সম্পাদক মো. রিজভী আহম্মেদ রিজোয়ান একটি চমৎকার ভাবনার কথা তুলে ধরে বলেন, “এখন যৌবন যার, রক্তদানের শ্রেষ্ঠ সময় তার। আমরা ১৮ তম জন্মদিনকে প্রথমবার রক্তদানের মাধ্যমে স্মরণীয় করে রাখার একটি নতুন ইতিবাচক ধারা বা ট্রেন্ড চালু করতে কাজ করছি। স্কুল শিক্ষার্থীদের উৎসাহিত করছি, তারা যেন প্রাপ্তবয়স্ক হওয়ার দিনটি থেকেই রক্তদান শুরু করে।”

নওগাঁ ব্লাড সার্কেলের নারী সমন্বয়ক সাদিয়া আফরিন নারীদের রক্তদানের গুরুত্ব তুলে ধরে বলেন, “আমাদের সমাজে নারীদের রক্তদান নিয়ে নানা রকম সামাজিক ট্যাবু, ভুল ধারণা আর অমূলক শঙ্কা প্রচলিত রয়েছে। শারীরিক দুর্বলতা বা রক্তশূন্যতার ভয়ে অনেকেই পিছিয়ে থাকেন। তবে চিকিৎসাবিজ্ঞান ও সচেতনতা বৃদ্ধির ফলে এই বৃত্ত ভাঙতে শুরু করেছে। নারীরা যখন রক্তদানের এই মহৎ মিছিলে শামিল হন, তখন তা কেবল একজন রোগীর প্রাণ বাঁচায় না, বরং পুরো সমাজের দৃষ্টিভঙ্গি বদলে দেয়।”

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুহাম্মাদ ফরহাদ আলম, সুলতান শাহরিয়া শাফি, মো. সোহানুর আমিন, নির্জন দাস, মীর রাগীব মাসুম, মো. রাকিব হোসেন, নূর মোহাম্মদ রাফি, মো. মোমিনুল ইসলাম সিহাব ও মো. তাসিক-উল-হাসান প্রমুখ।

দিনব্যাপী এ কর্মসূচিতে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ পরীক্ষা করান। রক্তদান সম্পর্কিত সচেতনতামূলক কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে নওগাঁ ব্লাড সার্কেল জেলায় বিনামূল্যে রক্তদান, থ্যালাসেমিয়া রোগীদের সেবা, পাঠাগার পরিচালনা, দুর্যোগে ত্রাণ বিতরণ ও বৃক্ষরোপণসহ তারুণ্যের ইতিবাচক বিকাশে নিরবচ্ছিন্নভাবে কাজ করে আসছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন