শ্রীনগর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে লাশ উদ্ধার
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার (১৪ জুন) সকাল ৬টার দিকে উপজেলার কেওয়াটখালী ব্রিজ-১ সংলগ্ন এলাকায় মাওয়ামুখী লেনের সার্ভিস রোডে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন সকালবেলা-কে জানান, সকালে এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে সেখান থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে শ্রীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় বা বিস্তারিত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) প্রযুক্তির সহায়তায় তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
এর আগে গত ১২ জুন (শুক্রবার) রাত সাড়ে ৮টার দিকে একই এক্সপ্রেসওয়ের কামারখোলা এলাকার সার্ভিস রোড থেকে এক ব্যক্তিকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করেছিলেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে বারবার এমন রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্থানীয় পথচারী ও চালকদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।
শ্রীনগর থানা পুলিশ জানিয়েছে, মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এটি কোনো সড়ক দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
এআইএল/সকালবেলা
|