বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ হস্তান্তর
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত বাংলাদেশি যুবক মুজিব আলীর মরদেহ অবশেষে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
গতকাল শনিবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চাতলাপুর আন্তর্জাতিক চেকপোস্টে ভারতীয় পুলিশ ও বিএসএফের উপস্থিতিতে মরদেহটি বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মরদেহ হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কুলাউড়া থানা পুলিশ ও নিহতের পরিবারের স্বজনরা এবং ভারতের পক্ষে বিএসএফ ও দেশটির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর কুলাউড়া থানা পুলিশ স্বজনদের কাছে মরদেহটি বুঝিয়ে দেয়।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১২ জুন) বিকেলে কুলাউড়ার দত্তগ্রাম সীমান্ত সংলগ্ন ভারতের অভ্যন্তরীণ ভূখণ্ডে বিএসএফ জওয়ানদের গুলিতে নিহত হন মুজিব। তিনি কুলাউড়া উপজেলার দত্তগ্রাম এলাকার মৃত অজিবুর আলীর ছেলে।
মরদেহ উদ্ধারের পর ভারতীয় পুলিশ ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ করে এবং বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ঘটনার পরের দিন মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
এআইএল/সকালবেলা
|