ঈদুল ফিতর ঘিরে রায়পুরের হায়দরগঞ্জে জমে উঠেছে পশুর হাট

ঈদুল ফিতর ঘিরে রায়পুরের হায়দরগঞ্জে জমে উঠেছে পশুর হাট

আমিনুল ইসলাম সিয়াম, স্টাফ রিপোর্টার (লক্ষ্মীপুর): পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ঐতিহ্যবাহী হায়দরগঞ্জ বাজারে গরু ও ছাগলের হাট জমে উঠেছে। বুধবার (১৮ মার্চ) সকাল থেকেই এই বাজারে ক্রেতা ও বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। ঈদ উপলক্ষে মাংসের চাহিদা মেটাতে স্থানীয় ও দূর-দূরান্তের পাইকাররা এখানে ভিড় করছেন।

হায়দরগঞ্জ হাটে এবার দেশি জাতের গরুর পাশাপাশি অস্ট্রেলিয়ান ও বিভিন্ন উন্নত জাতের গরু তোলা হয়েছে। সেই সাথে মাংসের জন্য আকর্ষণীয় ও বড় সাইজের উন্নত জাতের ছাগলও হাটে পর্যাপ্ত পরিমাণে দেখা গেছে। পশুর সমাহার বেশি হওয়ায় ক্রেতারা তাদের সাধ্য ও পছন্দ অনুযায়ী যাচাই-বাছাই করে কেনাকাটা করার সুযোগ পাচ্ছেন।

হাটে আসা ক্রেতারা জানান, রমজানের এই প্রচণ্ড গরমেও হায়দরগঞ্জ বাজারের চারপাশের ছায়াঘেরা পরিবেশ ও গাছপালা থাকায় পশু কেনাবেচায় কিছুটা স্বস্তি মিলছে। গরুর সরবরাহ বেশি থাকায় দামও সাধারণের নাগালে রয়েছে বলে মনে করছেন অনেকে।

অন্যদিকে, বিক্রেতারাও এবারের বেচাকেনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা জানান, হাটে হাসিলের (টোল) হার তুলনামূলক কম হওয়ায় এবং নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকায় তারা স্বাচ্ছন্দ্যে পশু বিক্রি করতে পারছেন। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে এই হাটে লোকসমাগম আরও বাড়বে বলে আশা করছেন ইজারাদার ও স্থানীয় ব্যবসায়ীরা।

এ.আই.এস/সকালবেলা

মন্তব্য করুন