বিএনপি ক্ষমতায় না এলে দেশ গভীর সংকটে পড়বে: আবদুল আউয়াল মিন্টু

বিএনপি ক্ষমতায় না এলে দেশ গভীর সংকটে পড়বে: আবদুল আউয়াল মিন্টু

ফেনী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতে না পারলে দেশ এক গভীর রাজনৈতিক ও সামাজিক সংকটে পড়বে। সমাজ বিভক্ত হয়ে পড়লে কোনো ধরনের উন্নতি সম্ভব হবে না। ধানের শীষে ভোট দিলেই কেবল ধর্ম-বর্ণ ও দল নির্বিশেষে সকল মানুষ নিরাপদ থাকবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে দাগনভূঞা উপজেলার ৩নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের উত্তর কেরানিয়া এলাকায় আয়োজিত এক নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যোগ্য নেতৃত্বে আগামীতে দল সরকার গঠন করবে। বিএনপি ক্ষমতায় আসলে এলাকায় উন্নয়নের জোয়ার সৃষ্টি হবে। আমি নির্বাচিত হলে আপনাদের পাশে থেকে এলাকার ছেলেমেয়েদের শারীরিক ও মানসিক বিকাশে কাজ করব।" তিনি আরও যোগ করেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় অত্যন্ত জরুরি।

গণসংযোগে দাগনভূঞা থানা বিএনপির আহ্বায়ক মো. আকবর হোসেনসহ স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। বক্তারা ভোটারদের সাহস জোগাতে এবং ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।

এদিন সকাল থেকে ফেনী-৩ আসনের হাসান গণিপুর, বসুমুন্সি বাড়ির দরজা, বৈরাগীর বাড়ি এবং মৌলভীবাজারসহ বিভিন্ন এলাকায় দিনভর গণসংযোগ ও পথসভা করেন আবদুল আউয়াল মিন্টু। এ সময় তিনি এলাকার কয়েকজন বিশিষ্ট ব্যক্তির কবর জিয়ারত করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

মন্তব্য করুন