সিলেটে ছাতক পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম চৌধুরী গ্রেফতার

সিলেটে ছাতক পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম চৌধুরী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ছাতক পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে সিলেট মহানগরীর জালালাবাদ থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে সিলেট মহানগরীর তারাপুর চা-বাগান এলাকায় জালালাবাদ থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি মামলায় (মামলা নং-০৬/২৪ইং) তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারেক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় তিনি অন্যতম অভিযুক্ত। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিকেলেই সিলেটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, আবুল কালাম চৌধুরী ছাতক উপজেলার একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি দীর্ঘ সময় ছাতক পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন। সরকার পরিবর্তনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। তার গ্রেফতারের খবরে ছাতক ও সুনামগঞ্জের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন