ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জাকির হোসাইন রাজু, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় চাঞ্চল্যকর দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে গাজীপুরের শ্রীপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। এ নিয়ে এই আলোচিত মামলায় এখন পর্যন্ত মোট ২২ জন আসামিকে গ্রেপ্তার করা হলো।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ রাজিব (২২)। গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা থানা পুলিশের একটি চৌকস দল পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাউলা এলাকায় অভিযান পরিচালনা করে। ওই এলাকার ডাচ-বাংলা ফ্যাক্টরি সংলগ্ন তরমুজপাড়া মোড় থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্তদের ধরতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। রাজিব এই মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আজ (রবিবার) আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে মামলাটি তদন্ত করছে এবং এর আগে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।
ভালুকা থানার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার মূল রহস্য উদঘাটন এবং পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারে জেলা পুলিশের কঠোর নির্দেশনা রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ