হরিণাকুন্ডুতে ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষ: কৃষকদল নেতার মৃত্যু

হরিণাকুন্ডুতে ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষ: কৃষকদল নেতার মৃত্যু

মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় ফেসবুক পোস্ট ও কমেন্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আবুল কাশেম (৪৫) নামে এক কৃষকদল নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাপাসহাটিয়া ইউনিয়নের কুল্ল্যাগাছা ভাতুড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম ওই গ্রামের আব্দুল লতিফ মন্ডলের ছেলে এবং কাপাসহাটিয়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের আগে ফেসবুকে একটি পোস্ট ও সেখানে মন্তব্য করা নিয়ে আবুল কাশেমের সাথে তাঁর চাচাতো ভাই আব্দুল আজিজের বাকবিতণ্ডা হয়। এই পূর্ব বিরোধের জেরে বুধবার রাতে দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের একপর্যায়ে আবুল কাশেম অচেতন হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ঘটনাটি নিয়ে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও পাল্টাপাল্টি দাবি সৃষ্টি হয়েছে। জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু দাবি করেছেন, রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ ও জামায়াতের যৌথ হামলায় তাঁদের নেতা নিহত হয়েছেন। তবে এই অভিযোগ অস্বীকার করে উপজেলা জামায়াতের আমির বাবুল হোসেন বলেন, এটি সম্পূর্ণ পারিবারিক বিরোধের জেরে ঘটা দুর্ঘটনা এবং এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কাপাসহাটিয়া ইউপি চেয়ারম্যান শরাফুদ্দৌলা ঝন্টুও একে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের সদস্যদের মধ্যকার সংঘর্ষ হিসেবে উল্লেখ করেছেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। হরিণাকুন্ডু থানা পুলিশ জানিয়েছে, এলাকায় উত্তেজনা নিরসনে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন