ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে কারচাপায় সাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে কারচাপায় সাইকেল আরোহী নিহত

মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে বেপরোয়া গতির কারচাপায় মোফাজ্জেল মালিথা (৪২) নামে এক বাইসাইকেল আরোহী কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে শৈলকূপা উপজেলার ভাটই বাজার সংলগ্ন গাবলা এলাকায় একটি ব্লক ফ্যাক্টরির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোফাজ্জেল শৈলকূপা উপজেলার ফুলহরি ইউনিয়নের বেরবাড়ি গ্রামের মৃত তাইজেল মালিথার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোফাজ্জেল মালিথা সকালে নিজ বাড়ি থেকে বাইসাইকেলে করে লাউ বিক্রির উদ্দেশ্যে ভাটই বাজারে যান। বাজার থেকে কৃষিশ্রমিক হিসেবে কাজের সন্ধানে যাওয়ার পথে ভাটই ডিগ্রি কলেজের সামনের সড়কে পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগামী একটি অজ্ঞাত প্রাইভেটকার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে আরাপপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে মোফাজ্জেলের পরিবারে এখন চলছে শোকের মাতম। সড়কে এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন