চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযান: জাল ও মাছসহ অবৈধ ট্রলিং বোট জব্দ

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযান: জাল ও মাছসহ অবৈধ ট্রলিং বোট জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীতে সমুদ্র ও মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল ও সামুদ্রিক মাছসহ একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ জানুয়ারি সোমবার মধ্যরাত ৩টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী কর্তৃক খাটখালী নদীর মোহনা সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালীন একটি সন্দেহভাজন অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটকে থামার সংকেত দেয় কোস্ট গার্ডের আভিযানিক দল। তবে বোটে থাকা ব্যক্তিরা সংকেত অমান্য করে দ্রুত গতিতে বোটটি নদীর তীরে ভিড়িয়ে লোকালয়ে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে বোটটি তল্লাশি করে প্রায় ২২ লক্ষ টাকা মূল্যের ৪টি ট্রলিং জাল এবং ২ হাজার ৮০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ উদ্ধারসহ বোটটি জব্দ করা হয়।

পরবর্তীতে বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত বোটটি থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয় এবং অবৈধ ট্রলিং জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া জব্দকৃত সামুদ্রিক মাছগুলো প্রকাশ্য নিলামে বিক্রয় করে প্রাপ্ত জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের মৎস্য সম্পদ ও নীল অর্থনীতি রক্ষায় অবৈধ মৎস্য আহরণকারীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন