নাটোরে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

নাটোরে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

নাটোরের লালপুর উপজেলার কচুয়া বাজার এলাকায় স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী তাইফুল ইসলাম টিপু ও বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে এ সংঘর্ষ হয়। ঘটনার সময় বিএনপি প্রার্থী পুতুলের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে।

স্বতন্ত্র প্রার্থী টিপুর পক্ষ থেকে দাবি করা হয়েছে, গণসংযোগ চলাকালে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে টিপু গ্রুপের ৭ জন আহত হন।

অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, টিপুর সমর্থকেরা মিছিল নিয়ে এসে কচুয়া নির্বাচনী অফিসে হামলা চালিয়ে অফিস তছনছ করেন। এ সময় প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয়। এতে বিএনপির ৩ জন সমর্থক আহত হন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে খলিলুর রহমান নামে স্বতন্ত্র প্রার্থী টিপুর এক সমর্থককে আটক করেছে পুলিশ।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন