লালমনিরহাটে বিএনপি-জামায়াত সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ২০

লালমনিরহাটে বিএনপি-জামায়াত সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ২০

লালমনিরহাটে বিএনপি-জামায়াত সমর্থকদের তুমুল সংঘর্ষ

মানজুরুল ইসলাম, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। 

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেডিকেল মোড় সংলগ্ন কসাইটারী এলাকায় এ রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট-১ (পাটগ্রাম ও হাতীবান্ধা) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান রাজীব প্রধান। অন্যদিকে, একই আসনে দাঁড়িয়ে থাকা জামায়াতের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল ইসলাম রাজু লড়ছেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। রোববার বিকেলে ওই এলাকায় দুই প্রার্থীর সমর্থকদের গণসংযোগ চলাকালে কথা-কাটাকাটি থেকে উত্তজনা ছড়িয়ে পড়ে, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু বলেন, “এখন পর্যন্ত সেখানে ঠিক কী কারণে সংঘর্ষ লেগেছে তা আমি নিশ্চিত নই। কতজন আহত হয়েছে তা খোঁজ নিয়ে বলতে হবে।” অন্যদিকে, বিএনপি প্রার্থী হাসান রাজীব প্রধানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

লালমনিরহাট জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ জানান, দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন