ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চালানোর দাবি ও পুলিশি হয়রানির প্রতিবাদে চালকদের সড়ক অবরোধে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার তুলা গবেষণা কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ থাকায় নিয়মিত অভিযান চালাচ্ছে হাইওয়ে ও থানা পুলিশ। এর প্রতিবাদে এবং অবাধে চলাচলের দাবিতে সকাল সাড়ে ৮টার দিকে শতাধিক অটোরিকশা চালক মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষ।
আন্দোলনরত চালকদের দাবি, কিস্তিতে অটোরিকশা কিনে তারা জীবন নির্বাহ করেন। পুলিশ গাড়ি আটক করে থানায় নিয়ে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে গাড়ি অকেজো করে দিচ্ছে। এতে তারা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালকদের সঙ্গে আলোচনা শুরু করে। প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে সকাল ১০টার দিকে চালকরা মহাসড়ক থেকে সরে গেলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির আহমেদ জানান, অটোরিকশা চালকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী মহাসড়কে ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল বন্ধে পুলিশের নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ