কৃষিজমির মাটি খনন: নওগাঁয় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

কৃষিজমির মাটি খনন: নওগাঁয় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) খননের দায়ে একজনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোটগাড়ী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।

আদালত সূত্র জানায়, গোটগাড়ী এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনের অনুমতি ছাড়াই এক ব্যক্তি কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে অন্যত্র বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ঘটনার সত্যতা মেলায় অভিযুক্ত ব্যক্তিকে ২০১৩ সালের ভূমি ব্যবস্থাপনা ও প্রতিকার আইনের ১৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ সংবাদিকদের বলেন, সরকারি অনুমতি ছাড়া কৃষিজমির উপরিভাগের মাটি কর্তন সম্পূর্ণ বেআইনি। এই প্রক্রিয়ায় মাটি কাটার ফলে জমির উর্বরতা হ্রাস পায় এবং পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হয়। কৃষিজমি রক্ষায় এবং পরিবেশের বিপর্যয় রোধে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের ক্ষেত্রে কোনো প্রকার শিথিলতা প্রদর্শন করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি প্রদান করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন