শেরপুরে ভাড়া বাসা থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরে ভাড়া বাসা থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুলক রায়, শেরপুর: শেরপুর জেলা শহরের একটি ভাড়া বাসা থেকে শাহিনুল ইসলাম (৪০) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি শেরপুর সদর থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই-নিরস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে শহরের গৃর্দা নারায়ণপুর এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শাহিনুল ইসলাম জামালপুর সদর উপজেলার টেবিরচর গ্রামের মৃত শামছুল হকের ছেলে। তার বিপি নম্বর ৮৫০৫১০৪০০৪।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৮টায় ডিউটি শেষ করে বাসায় ফেরেন শাহিনুল। বেলা ১১টার দিকে তার স্ত্রী মাকসুদা পারভীন সন্তানকে নিয়ে জামালপুরের নান্দিনায় বাবার বাড়িতে যান। দুপুর ২টা থেকে স্ত্রী তাকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। দীর্ঘ সময় যোগাযোগ করতে না পেরে রাত ১১টার দিকে স্ত্রী ও শ্যালক জামালপুর থেকে শেরপুরের বাসায় ফিরে আসেন।

বাসার প্রধান দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তারা পেছনের জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে পান জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় শাহিনুলের মরদেহ ঝুলছে। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

নিহতের পরিবারের দাবি, শাহিনুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। চরম মানসিক অবসাদ থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে তাদের ধারণা।

শেরপুর সদর থানা পুলিশ জানায়, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনানুগ প্রক্রিয়া প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন