বগুড়ায় ধানের শীষের পক্ষে বিশাল মিছিল

বগুড়ায় ধানের শীষের পক্ষে বিশাল মিছিল

ওয়াফিক শিপলু, বগুড়া: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বগুড়া শহরে এক বিশাল শোডাউন করেছে শহর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ধানের শীষ প্রতীকের সমর্থনে এই বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রাণকেন্দ্র সাতমাথায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিকেল থেকেই বগুড়া শহরের ২১টি ওয়ার্ডের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতাকর্মীদের হাতে ধানের শীষের পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিল। তারা ‘তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে’ এবং ‘ভোটাধিকার ফিরিয়ে দাও, ধানের শীষে ভোট দাও’—এমন নানা স্লোগানে পুরো শহর মুখরিত করে তোলেন।

মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি বলেন, “বগুড়া হচ্ছে শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত বিএনপির দুর্জয় ঘাঁটি। ধানের শীষ মানুষের মুক্তির প্রতীক। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বগুড়ার মানুষ ব্যালটের মাধ্যমে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনবে।”

বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু বলেন, “শান্তিপূর্ণ পরিবেশে ভোট হলে বগুড়ার সব আসনে ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে। ভোটাররা অন্যায়ের বিরুদ্ধে রায় দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।”

উপস্থিত ছিলেন যারা: মিছিলে শহর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শহরের ২১টি ওয়ার্ডের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নেতারা আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত নেতাকর্মীদের প্রতিটি ভোটারের দুয়ারে দুয়ারে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।

ডব্লিউ.এস/সকালবেলা

মন্তব্য করুন