ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় নির্বাচনী পছন্দের কথা জানানোয় ইদ্রিস আলী নামে এক ব্যক্তিকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, এনসিপির (জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল) ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়ার কথা জানানোয় স্থানীয় বিএনপি কর্মীরা এই হামলা চালায়। এ ঘটনায় করা মামলায় অভিযান চালিয়ে মজনু মিয়া নামে এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তার মজনু মিয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার অন্নদানগর ইউনিয়নের জগজীবন এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, জগজীবন এলাকার ইদ্রিস আলী এনসিপির সদস্য সচিব ও শাপলা কলি প্রতীকের প্রার্থী আখতার হোসেনের সমর্থক। বৃহস্পতিবার সকালে স্থানীয় বিএনপি কর্মী মজনু মিয়া, মুকুল মিয়া, ফিরোজ মিয়া ও মজিবর রহমান ইদ্রিস আলীর বাড়ির উঠানে গিয়ে ভোট নিয়ে আলোচনা শুরু করেন। একপর্যায়ে ইদ্রিস আলী শাপলা কলিতে ভোট দেওয়ার কথা বললে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা ইদ্রিস আলীকে হুমকি দিয়ে বলেন, এলাকায় থাকতে হলে ধানের শীষেই ভোট দিতে হবে। এর প্রতিবাদ করলে তারা ইদ্রিস আলীকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ইদ্রিস আলী বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। ভুক্তভোগী ইদ্রিস আলী বলেন, “আমি শুধু আমার পছন্দের কথা বলেছি, এজন্য আমাকে এভাবে মারধর করা হবে ভাবিনি। আমি এখনো নিরাপত্তাহীনতায় ভুগছি।”
পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম খন্দকার মহিব্বুল ইসলাম জানান, নির্বাচনী সহিংসতার অভিযোগে করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে পুলিশ কঠোর অবস্থানে আছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ