মণিরামপুরে ভোটের মাঠে উত্তরসূরিদের সরব উপস্থিতি

মণিরামপুরে ভোটের মাঠে উত্তরসূরিদের সরব উপস্থিতি

আব্দুল্লাহ আল মামুন, বিশেষ প্রতিনিধি: যশোর-৫ (মণিরামপুর) আসনের নির্বাচনী মাঠে এবার এক ব্যতিক্রমী ও দৃষ্টিনন্দন চিত্র ফুটে উঠেছে। সংসদ সদস্য পদে লড়ছেন বাবা, আর সেই বাবার বিজয় নিশ্চিত করতে মণিরামপুরের অলিগলি, গ্রাম-গঞ্জ ও হাট-বাজারে দাপিয়ে বেড়াচ্ছেন তাদের সন্তানেরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সরাসরি বাবার পক্ষে ভোট ও দোয়া প্রার্থনা করছেন এই তরুণ উত্তরসূরিরা।

এমন দৃশ্য দেখা গেছে মণিরামপুরের মূল দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারণায়। বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেনের দুই ছেলে এবং বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মুফতি রশীদ আহমেদের ছেলে তালহা বিন রশীদ এখন দিন-রাত ব্যস্ত সময় পার করছেন বাবার নির্বাচনী মাঠে।

সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা পাড়া-মহল্লা ও গুরুত্বপূর্ণ বাজার এলাকায় ধারাবাহিক গণসংযোগ চালাচ্ছেন। ভোটারদের সঙ্গে সৌজন্য বিনিময়ের পাশাপাশি বাবার রাজনৈতিক পরিচয়, দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড ও আগামীর নির্বাচনী অঙ্গীকারগুলো সহজভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন। তরুণ প্রজন্মের এই সক্রিয় ও মার্জিত অংশগ্রহণ নির্বাচনী প্রচারণায় এক নতুন গতি ও উত্তাপ যোগ করেছে।

স্থানীয় ভোটাররা জানান, প্রার্থীদের সন্তানদের সরাসরি মাঠে নেমে বিনয়ের সঙ্গে ভোট চাইতে দেখে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বহুগুণ বেড়েছে। এতে নির্বাচনী পরিবেশ যেমন প্রাণবন্ত হয়েছে, তেমনি বেড়েছে প্রতিদ্বন্দ্বিতার আমেজ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনী লড়াইয়ে পারিবারিক এই সম্পৃক্ততা ভোটারদের মনস্তত্ত্বে ইতিবাচক ও আবেগী প্রভাব তৈরি করছে। প্রচারণার শেষ মুহূর্তে তরুণ এই মুখগুলো ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার ফলে প্রার্থীদের পক্ষে জনমত গঠনে বড় ভূমিকা রাখছে। বাবার জয়ই এখন এই তরুণদের একমাত্র লক্ষ্য, আর সেই লক্ষ্য পূরণে বিরামহীন ছুটে চলছেন তারা।

মন্তব্য করুন