বিয়ানীবাজারে ‘২৬-এর ভোটে আস্থা ফেরাতে চাই’—জেলা প্রশাসক

বিয়ানীবাজারে ‘২৬-এর ভোটে আস্থা ফেরাতে চাই’—জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, বিয়ানীবাজার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (রিটার্নিং কর্মকর্তা) জনাব মো. সারওয়ার আলম বলেন, “বিগত নির্বাচনগুলোর অনাস্থা কাটিয়ে আমরা নতুন করে এগিয়ে যেতে চাই। সাধারণ মানুষের মনে ভোটের আস্থা ফিরিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিয়ানীবাজার তথা সিলেটের ভোটাররা যেন নির্ভয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা হবে।”

সভায় উপস্থিত ৫২ বিজিবি’র অধিনায়ক এবং সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার তাঁদের বক্তব্যে নির্বাচনের দিন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আশ্বস্ত করেন। তাঁরা জানান, ভোটকেন্দ্রের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, নিরাপত্তা বাহিনীর প্রধানগণ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ভোটগ্রহণের প্রস্তুতি ও কেন্দ্র ব্যবস্থাপনার বিভিন্ন কারিগরি দিক নিয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে শুরু হলেও সভায় উপস্থিত সকল অংশীজন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার বিষয়ে ঐকমত্য পোষণ করেন।

মন্তব্য করুন