ফেনীতে নাসরিন ফাতেমা আউয়াল: ইভটিজিং ও নির্যাতন মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার

ফেনীতে নাসরিন ফাতেমা আউয়াল: ইভটিজিং ও নির্যাতন মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার

জহিরুল হক মিলন, ফেনী: সোনাগাজীতে এক বিশাল নারী সমাবেশে ইভটিজিং ও নারী নির্যাতন মুক্ত নিরাপদ সমাজ গড়ার ঘোষণা দিয়েছেন ফেনী-৩ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর সহধর্মিনী নাসরিন ফাতেমা আউয়াল। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের দৌলতকান্দি গ্রামে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।

নাসরিন ফাতেমা আউয়াল তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, তাঁর স্বামী আব্দুল আউয়াল মিন্টু দাগনভূঞায় অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কর্মসংস্থানের জন্য দুলা মিয়া কটন মিলসহ অনেক ইন্ডাস্ট্রি গড়ে তুলেছেন। তিনি আরও জানান, সোনাগাজীর মানুষের দীর্ঘদিনের দাবি গ্যাস সংযোগ প্রদান, নদী ভাঙন রোধ এবং শিক্ষা ও রাস্তাঘাটের অবকাঠামোগত উন্নয়নে মিন্টু ব্যাপক কর্মসূচি হাতে নিয়ে নির্বাচনে নেমেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন ও শান্তি নিশ্চিত করার জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন দোলনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি ও জিয়া মঞ্চের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব সোলাইমান ভূঞা, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী। এছাড়াও বক্তব্য দেন সমবায় দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. নিজাম উদ্দিন, কেন্দ্রীয় মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জেবা খান, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দুলাল এবং দাগনভূঞা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার।

সভায় সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার বিপুল সংখ্যক নারী ভোটার উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আব্দুল আউয়াল মিন্টুর জয় সুনিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন