ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সুরুজ মিয়া, শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে পারিবারিক বিরোধের জেরে নিজ চাচাতো ভাইয়ের হামলায় যোশর ইউনিয়ন মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক মো. শরিফুল ইসলাম (২৫) নিহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের জানখাঁরটেক গ্রামে নিজ বাড়ির সামনে হামলার শিকার হন তিনি। শরিফুল ওই এলাকার মৃত আসাদ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শরিফুলের ওপর তাঁর চাচাতো ভাই শাকিল মিয়া (২৩) ধারালো দা নিয়ে অতর্কিত হামলা চালান। শাকিল শরিফুলের মাথায় কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় বাধা দিতে গেলে শরিফুলের চাচা জহিরুল ইসলামও আহত হন। স্থানীয়রা শরিফুলকে উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তাঁর মৃত্যু হয়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শাকিলের বাবা বাদল মিয়া ও মা রেখা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং মূল অভিযুক্ত শাকিলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ