ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মতিয়ার রহমান, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শীতের আমেজে গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সিরাজগঞ্জের এনায়েতপুরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শীতকালীন পিঠা উৎসব। শনিবার (৩১ জানুয়ারি) এনায়েতপুর থানাধীন ‘স্বাপ্নিক প্রিপারেটরি স্কুল’ প্রাঙ্গণে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দেশীয় সংস্কৃতির পরিচয় করিয়ে দিতে আয়োজিত এই উৎসবে স্টলগুলোতে ভাপা, চিতই, পাটিসাপটা, দুধ চিতই, নকশি পিঠা, তেলের পিঠা ও পুলি পিঠাসহ নানা স্বাদের ঐতিহ্যবাহী পিঠার সমাহার ঘটে। পিঠা উৎসবের পাশাপাশি আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। শিক্ষার্থীদের গান ও আবৃত্তি উৎসব প্রাঙ্গণকে আরও আনন্দঘন ও মুখরিত করে তোলে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক সুব্রত মালাকারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মুজাহিদ হোসেন, কাওছার আহমদ জয়, এস.এম মাহমুদুল হাসান বাদল এবং বিশিষ্ট কবি ও সাহিত্যিক মুহসিন আলম মুহিন। এছাড়াও স্বাপ্নিক শিক্ষা পরিবারের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, যান্ত্রিক জীবনের ভিড়ে শিক্ষার্থীরা যেন নিজেদের শেকড় ও ঐতিহ্যকে ভুলে না যায়, সেই লক্ষ্যেই প্রতি বছর এই ধরনের আয়োজন করা হয়। গ্রামীণ ঐতিহ্যের এই পিঠা উৎসব শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ