ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রিপন হালদার, মোংলা: মোংলা বন্দরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ৫৭ হাজার ৫০০ মেট্রিক টন গমের চতুর্থ চালান নিয়ে পানামা পতাকাবাহী জাহাজ 'আল্ট্রা বাল্ক' (Ultra Bulk) ভিড়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে গমের নমুনা পরীক্ষা শেষে জাহাজটি থেকে পণ্য খালাস কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে গত ২৯ জানুয়ারি জাহাজটি মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় নোঙর করে। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট 'সেভেন সিস'-এর ব্যবস্থাপক মো. শামীম জানান, গত বছরের ২১ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের 'পোর্টল্যান্ড ওরেগন' বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল জাহাজটি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে গত ২৯ জানুয়ারি এটি বন্দরে পৌঁছায়।
মোংলা খাদ্য অফিসের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুস ‘সোবহান সরদার’ জানান, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সরকারি পর্যায়ে (জি টু জি) চুক্তির আওতায় এই গম আমদানি করা হচ্ছে। চুক্তি অনুযায়ী মোংলা বন্দর দিয়ে মোট ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির কথা রয়েছে। বর্তমান জাহাজটি সেই চুক্তির আওতায় আসা গমের চতুর্থ চালান।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, এর আগে গত বছরের ২ নভেম্বর প্রথম চালানে ২২ হাজার ৭৮০ টন, ১৪ নভেম্বর দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮৭৫ টন এবং চলতি বছরের ৫ জানুয়ারি তৃতীয় চালানে ২২ হাজার ৭৫৬ টন গম মোংলা বন্দরে খালাস করা হয়। আমদানিকৃত এই গম প্রথমে মোংলা সরকারি খাদ্য গুদাম (সাইলো)-তে মজুত করা হচ্ছে এবং পরবর্তীতে সেখান থেকে চাহিদানুযায়ী দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।
উল্লেখ্য, দেশের অভ্যন্তরীণ খাদ্যের চাহিদা মেটাতে এবং বাণিজ্যের ভারসাম্য বজায় রাখতে গত বছরের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ সরকারের পাঁচ বছর মেয়াদী একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে নিয়মিত বিরতিতে দেশটি থেকে খাদ্যশস্যের সরবরাহ অব্যাহত রয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ