ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. ফরহাদ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক বিরল ও সৌহার্দ্যপূর্ণ নির্বাচনী পরিবেশের চিত্র দেখা যাচ্ছে। বিএনপি মনোনীত প্রার্থী মো. কামরুজ্জামান রতন (ধানের শীষ) এবং স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের (ফুটবল প্রতীক) কর্মী-সমর্থকরা একে অপরের প্রতি শ্রদ্ধা বজায় রেখে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার রিকাবীবাজার হাইস্কুল এলাকায় এমন সম্প্রীতির চিত্র ফুটে ওঠে। সরজমিনে দেখা যায়, রিকাবীবাজার হাইস্কুল মাঠ প্রাঙ্গণে ধানের শীষ প্রতীকের একটি জনসভা চলছিল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রার্থী মো. কামরুজ্জামান রতন। ঠিক যখন মঞ্চে নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছিলেন, তখনই হাইস্কুলের সামনের রাস্তা দিয়ে ফুটবল প্রতীকের প্রার্থী মহিউদ্দিনের পক্ষে একটি বিশাল মিছিল অতিক্রম করে। কিন্তু কোনো পক্ষ থেকেই উসকানিমূলক আচরণ বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি; বরং উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে নিজ নিজ কর্মসূচি পালন করেছে।
ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণায় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে। অন্যদিকে, ফুটবল প্রতীকের সমর্থকরা এলাকার উন্নয়ন ও স্থানীয় দীর্ঘদিনের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।
এলাকাবাসী জানান, নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এখন পর্যন্ত মুন্সীগঞ্জের পরিবেশ অত্যন্ত শান্ত ও স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সার্বক্ষণিক টহল দিয়ে নিরাপত্তা নিশ্চিত করছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের দিন পর্যন্ত এই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ অব্যাহত থাকবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ