কেরানীগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার: ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)

কেরানীগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার: ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)

জেলা প্রতিনিধি, ঢাকা: ঢাকা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) দক্ষিণ জোনের এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গত ৩১ জানুয়ারি (শনিবার) ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকা থেকে তাদের আটক করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। ডিবি (দক্ষিণ) অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে এসআই এস. এম. এনামুল হকসহ একটি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযানে নামে।

অভিযানকালে ভোর আনুমানিক ৩টার দিকে ঝিলমিল এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে ওই চারজনকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ১টি রামদা, ১টি ছোরা, ১টি সুইচ গিয়ার চাকু ও ১টি সাধারণ চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: ১. মোঃ রফিকুল ইসলাম (২৮): পিতা মৃত আশ্রাফ আলী, সাং- সেউতিবাড়িয়া, পিরোজপুর। ২. মোঃ আরিফ হোসেন (৩৩): পিতা দেলোয়ার হোসেন, সাং- বড়ইতলা, দক্ষিণ কেরানীগঞ্জ। ৩. মোঃ আকাশ বেপারী (২৪): পিতা দাউদ বেপারী, সাং- কালিগঞ্জ কবুতরপাড়া, দক্ষিণ কেরানীগঞ্জ। ৪. মোঃ মারুফ হোসেন (২১): পিতা ফারুক শেখ, সাং- পুটিখালি, বাগেরহাট।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় (ডাকাতির প্রস্তুতি) একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং–৫৪)। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন