শিবপুরে জাকের পার্টির প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

শিবপুরে জাকের পার্টির প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

সুরুজ মিয়া, শিবপুর (নরসিংদী) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী–৩ (শিবপুর) আসনে জাকের পার্টি মনোনীত প্রার্থী আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠানের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি চলছে। ‘গোলাপ ফুল’ প্রতীকের এই প্রার্থীকে বিজয়ী করতে শিবপুরের প্রতিটি ইউনিয়নে দিন-রাত নিরলস প্রচারণা চালাচ্ছেন দলটির নেতাকর্মীরা।

এই গণসংযোগ কর্মসূচিতে সক্রিয়ভাবে নেতৃত্ব দিচ্ছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির প্রার্থী রাজীব হোসেন রাতুল এবং দ্বাদশ সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন প্রার্থী ও সাংবাদিক আলম খান। জাকের পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একঝাঁক নেতাকে সাথে নিয়ে তারা শিবপুর পৌরসভাসহ উপজেলার বাঘাব, পুটিয়া, জয়নগর, যোশর, সাধারচর, দুলালপুর, মাছিমপুর, চক্রধা ও আইয়ুবপুর ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন।

প্রার্থী সায়েম আলী পাঠান হাট-বাজার, চায়ের দোকান থেকে শুরু করে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং জাকের পার্টির আদর্শ ও নির্বাচনী লক্ষ্য তুলে ধরছেন। এ সময় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

গণসংযোগকালে আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠান বলেন, “জাকের পার্টি শান্তি ও মানবতার রাজনীতিতে বিশ্বাসী। গোলাপ ফুল প্রতীকের পক্ষে সাধারণ মানুষের কাছে শান্তি, ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা পৌঁছে দিতেই আমাদের এই পথচলা। নির্বাচন কমিশনের সকল আচরণবিধি মেনেই আমরা আমাদের নির্বাচনী কর্মসূচি চালিয়ে যাচ্ছি এবং ভোটারদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি।”

জাকের পার্টির নেতৃবৃন্দ জানান, শিবপুরের সার্বিক উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সায়েম আলী পাঠানের কোনো বিকল্প নেই। তারা আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে গোলাপ ফুল প্রতীকে ভোট দিয়ে এই আসনটি জাকের পার্টিকে উপহার দেওয়ার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন