ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পিএম সাজ্জাদ শরীফ, আমতলী (বরগুনা): বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা। তিনি দাবি করেছেন, "সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শম্ভুকে মনোনয়ন দিতেন না, তিনি ভারতীয় দূতাবাসের সুপারিশে আওয়ামী লীগের মনোনয়ন পেতেন।"
বৃহস্পতিবার রাতে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের অফিস বাজারে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম মোল্লা বলেন, "আমাদের দুর্ভাগ্য যে, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু পাঁচবার সংসদ সদস্য হয়েও বরগুনার কোনো উন্নয়ন করেননি। ফলে বরগুনা জেলা আজ এত অনুন্নত। বিশেষ করে আমতলীর মতো অনুন্নত উপজেলা বাংলাদেশে আর কোথাও নেই। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ কোনো খাতেই বরগুনায় উন্নয়নের ছোঁয়া লাগেনি।"
তিনি আরও অভিযোগ করেন, "লেবুখালী সেনানিবাস বরগুনার ফুলঝুরিতে হওয়ার কথা ছিল। জমি অধিগ্রহণের নোটিশও দেওয়া হয়েছিল, কিন্তু জনপ্রতিনিধিদের অসহযোগিতার কারণে সেই সেনানিবাস পটুয়াখালীর লেবুখালীতে চলে গেছে। এছাড়া তালতলীতে পর্যটন শিল্পের ব্যাপক সম্ভাবনা থাকলেও তা কাজে লাগাতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।"
অন্যান্য দলের প্রার্থীদের সমালোচনা করে তিনি বলেন, "এবারের নির্বাচনে হুজুরেরা যেভাবে ভোট চাচ্ছে, তা আমি প্রথম শুনলাম। তারা বলছে 'আমাকে ভোট দেন, আমি জান্নাত দেব'। ভোটের সাথে জান্নাতের সম্পর্ক কী? যে বলেছে সে নিজে জান্নাতে যাবে কি না তা কে জানে? তারা কি আসলেও ইসলাম কায়েম করতে চায়?"
তিনি আশা প্রকাশ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এককভাবে সরকার গঠন করবে এবং তখন বরগুনা জেলার পিছিয়ে পড়া সব উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে।
হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. লিমন হাওলাদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিনা জামান, আসমা আজিজ, আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জালাল উদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা প্রমুখ।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ