দেবীগঞ্জে বালুবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল ল্যাব টেকনিশিয়ানের

দেবীগঞ্জে বালুবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল ল্যাব টেকনিশিয়ানের

আব্দুল মালেক, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে বালুবোঝাই ট্রাকের চাপায় সমেশ চন্দ্র বর্মন (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে দেবীগঞ্জ পৌরসভার পাকড়িতলা এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে মদিনা কোল্ড স্টোরেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সমেশ চন্দ্র বর্মন উপজেলার পামুলী ইউনিয়নের কাটনহারী আরাজী এলাকার হরি কিশোর বর্মনের ছেলে। তিনি দেবীগঞ্জ পৌর শহরের ‘মায়ের হাসি স্মার্ট ডায়াগনস্টিক সেন্টারে’ ল্যাব টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কর্মস্থল থেকে কাজ শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দেবীগঞ্জ শহরমুখী একটি বালুবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ২২-৯২৬৭) তাকে ধাক্কা দেয়। ট্রাকটি তাকে প্রায় ১৫ ফুট টেনে নিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ট্রাকচালক সাদ্দাম হোসেনকে (৩৬) আটক করেছে পুলিশ। আটক সাদ্দাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাহ পাড়া এলাকার বাসিন্দা। এই ঘটনায় নিহতের বড় ভাই আপন চন্দ্র রায় বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাকুড়িতলা মোড়টি প্রশস্ত হওয়ায় ভারী যানবাহনগুলো সেখানে ওভারটেকিংয়ের চেষ্টা করে, কিন্তু মোড় শেষ হতেই সড়কটি হঠাৎ সঙ্কুচিত হয়ে পড়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। সড়কে থাকা ‘রাম্বল স্ট্রিপস’ ছোট যানবাহনের গতি কমালেও ভারী ট্রাকের ক্ষেত্রে তা কার্যকর হচ্ছে না বলে দাবি করেন তারা।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মনিরুজ্জামান চৌধুরী জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা রুজু করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন