শেরপুরে ট্রাক–অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

শেরপুরে ট্রাক–অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পুলক রায়, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাক ও অটোরিকশার মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরের দিকে নকলা–নালিতাবাড়ী মহাসড়কের বাইটকামারী জোড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশা চালক ও এক ইটভাটা শ্রমিক। ঘাতক ট্রাকটি দুর্ঘটনার পরপরই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

নিহতরা হলেন—নকলা উপজেলার ধনাকুশা গ্রামের বাসিন্দা মন্নার ছেলে অটোরিকশা চালক শফিকুল ইসলাম (৩৫) এবং নালিতাবাড়ী উপজেলার তালুকপাড়া এলাকার মিরাজ আলীর ছেলে ইটভাটা শ্রমিক আরিফ (২৮)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নকলা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা নালিতাবাড়ীর দিকে যাচ্ছিল। অটোরিকশাটি বাইটকামারী জোড়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক সেটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই চালক ও যাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর ও বালুর স্তূপ করে রাখায় মূল রাস্তা সংকুচিত হয়ে পড়েছে। সংকীর্ণ রাস্তার কারণে এই এলাকায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে তারা দাবি করেন। জনস্বার্থে দ্রুত এসব স্তূপ অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন