ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ভোলা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-১ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রার্থী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ ভোটারদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনী এলাকায় আয়োজিত এক বিশাল জনসভায় তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর পর মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার সুযোগ এসেছে। তাই আপনারা আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে চিন্তা করে ভোট দেবেন।”
জনসভায় জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করে পার্থ প্রশ্ন তোলেন, “আমি জানতে চাই, গত ১৭ বছরে আপনারা কি কোনোদিন জামায়াতে ইসলামীকে ভোলার মানুষের পাশে দেখেছেন? নদী ভাঙন, করোনা মহামারি কিংবা গরিবের দান-খয়রাত ও জাকাতে তাদের কোনো নেতাকে কি এগিয়ে আসতে দেখেছেন? বন্যায় হোক বা খরায়—মানুষের কল্যাণে তারা এক টাকাও ব্যয় করেনি। অথচ এখন পোলাপানদের বিস্কুট খাইয়ে ভোট চাচ্ছেন? মনে রাখবেন, তারা বিস্কুট-চকলেট খাওয়াবে ঠিকই, কিন্তু গলার কাঁটা হয়ে বিঁধলে পানি খাওয়াবে না।”
এ সময় ভোলাবাসীর দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরে পার্থ বলেন, “ভোলা-বরিশাল সেতু এখন এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি। কিন্তু দীর্ঘ সময় পার হলেও ভোলায় ভালো মেডিকেল কলেজ বা উন্নত স্কুল তৈরি হয়নি। এর একমাত্র কারণ হলো চোর আর দুর্নীতিবাজদের দাপট। তারা ভোলার উন্নয়ন না করে নিজেদের পকেট ভরেছে।”
তিনি ভোটারদের উদ্দেশ্যে আরও বলেন, “কারা বিপদে আপনার পাশে ছিল, কারা রাজপথে মামলা-হামলার শিকার হয়েছে এবং কারা ভোলার কথা সংসদে সাহসের সাথে বলবে—তা বিচার করেই আপনারা ধানের শীষ প্রতীকে আপনাদের মূল্যবান ভোট দেবেন।”
জনসভায় স্থানীয় বিজেপি ও ঐক্যফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ হাজার হাজার উৎসুক জনতা উপস্থিত ছিলেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ