কুমিল্লা-৪ আসনে দলীয় প্রার্থীশূন্য বিএনপি: নেতাকর্মীদের মাঝে চরম হতাশা

কুমিল্লা-৪ আসনে দলীয় প্রার্থীশূন্য বিএনপি: নেতাকর্মীদের মাঝে চরম হতাশা

মোহাম্মদ আলাউদ্দিন, স্টাফ রিপোর্টার: কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি মনজুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। দীর্ঘ ১৬ বছর আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক প্রতিকূলতা পার করে নির্বাচনের সুযোগ এলেও শেষ মুহূর্তে ধানের শীষের প্রার্থী না থাকায় দেবিদ্বারের রাজনৈতিক সমীকরণ পাল্টে গেছে।

রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মনজুরুল আহসান মুন্সির মনোনয়নপত্রের বৈধতা ফিরে পাওয়ার আবেদনটি খারিজ করে দেন। একই আসনের এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর করা আপিলের পরিপ্রেক্ষিতে ঋণ খেলাপির তথ্য গোপনের অভিযোগে মুন্সির প্রার্থিতা বাতিল হয়। এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির কোনো নিজস্ব প্রার্থী থাকছে না।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, "দেবিদ্বার বরাবরই বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এমন একটি গুরুত্বপূর্ণ আসনে দলের প্রার্থিতা না থাকা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। তবে আমরা এই হতাশা কাটিয়ে দলকে আরও সুসংগঠিত করার চেষ্টা করব।" তিনি আরও উল্লেখ করেন যে, এটি মূলত প্রার্থীর ব্যক্তিগত অসতর্কতা এবং আইনজীবীর ভুলের কারণে হয়েছে; সময়মতো ঋণ খেলাপির বিষয়টি সুরাহা করলে আজ এই পরিস্থিতির সৃষ্টি হতো না।

দেবিদ্বারের বাসিন্দা ও বিএনপি নেতা এএসএম মাসুদ রানা বলেন, "পুরো দেবিদ্বার এখন স্তব্ধ। বছরের পর বছর মামলা-হামলা সহ্য করার পর নির্বাচনের সময় প্রার্থী না থাকা আমাদের জন্য বড় আঘাত। এখন আমরা অন্য কাউকে সমর্থন দেব কি না, তা কেন্দ্রের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।"

উল্লেখ্য, ধানের শীষের প্রার্থী না থাকায় এই আসনে এখন মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এবং গণঅধিকার পরিষদের জসিম উদ্দিনসহ আরও চারজন প্রার্থী। কেন্দ্র থেকে কোনো স্বতন্ত্র বা জোটের প্রার্থীকে সমর্থন দেওয়া হয় কি না, এখন সেদিকেই তাকিয়ে আছেন স্থানীয় সাধারণ ভোটার ও বিমর্ষ নেতাকর্মীরা।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন