টুঙ্গিপাড়ায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

হেলাল মুন্সী, বিশেষ প্রতিনিধি: ১৫ই আগস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ ও সংলগ্ন এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে মোতায়েন করা হয়েছে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য।

বৃহস্পতি ও শুক্রবার (১৩ ও ১৪ আগস্ট) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ১৫ই আগস্ট ঘিরে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন কিংবা রাষ্ট্রবিরোধী মহল যাতে কোনো নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সংবেদনশীল পয়েন্টগুলো চিহ্নিত করে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৫ আগস্টের অনুষ্ঠানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী বা দুষ্কৃতকারীদের অনুপ্রবেশ ঠেকাতে র‍্যাব ও পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে সার্বক্ষণিক সাইবার নজরদারি অব্যাহত রাখা হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন